পুলিশের হাতে ধরা পড়া থেকে বাঁচতে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য উঠে গেল বসতঘরের টিনের চালে। সেখানে উঠে নিজের গলায় টিন ধরে দিলো আত্মহত্যার হুমকি। বিপাকে পড়ল পুলিশ। শেষে চোর নামাতে ডাকা হলো ফায়ার সার্ভিস।
গত সোমবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পৌর-সদরের চালিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা মুর্শিদ উদ্দিনের ছেলে রিটন মিয়ার (৪০) এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
পুলিশ জানিয়েছে, রিটনের এদিনের ঘটনা নতুন নয়। তাকে এর আগেও ধরতে গেলে অভিনব সব বাহানা করেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, রিটন মিয়ার নামে জেলার বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে গত ২৭ মার্চ কিশোরগঞ্জ মডেল থানার একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সে মামলায় তাকে ধরতে সদর থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
এ সময় সদর থানা পুলিশকে সহায়তা করতে পাকুন্দিয়ায় থানা পুলিশও সেখানে উপস্থিত হয়। বিষয়টি আঁচ করতে পেরে সে বসতঘরের টিনের চালে উঠে বসে। এ সময় পুলিশ তাকে নামতে বললে একটা টিনের টুকরা নিজের গলায় ধরে আত্মহত্যার হুমকি দেন। উপস্থিত স্থানীয় ব্যক্তিরা বিভিন্নভাবে তাকে বুঝিয়েও নামাতে ব্যর্থ হন। এক পর্যায়ে ডাকা হয় ফায়ার সার্ভিসকে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ চেষ্টায় তাকে নামিয়ে আনা হয়। সেখান থেকে নামিয়ে তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, “রিটনকে এর আগেও যতবার পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে ততবারই সে নানান অভিনয় করেছে। এর আগে তাকে ধরতে গেলে সে পানির বোতল হাতে নিয়ে বলতে থাকে, ‘এর মধ্যে বিষ মেশানো আছে।’ সে হুমকি দেয়, তাকে ধরতে গেলে ওই বিষ খেয়ে আত্মহত্যা করবে। তাকে গ্রেপ্তারের পর জানা গেছে সে বোতলে আসলে বিষ মেশানো ছিল না।’
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জানান, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে অভিযান চালিয়ে রিটনকে টিনের চাল থেকে নামিয়ে আনতে সক্ষম হয়।।
