বিদ্যানন্দ ফাউন্ডেশনের চ্যারিটি প্রোগ্রাম হ্যাপিনেস স্টোরে বিক্রয়কর্মীর ভূমিকায় স্বেচ্ছাশ্রম দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার (৩০ মার্চ) তিনি বিদ্যানন্দের এই আয়োজনে যুক্ত হন। তিন টাকায় পাওয়া যায় চাল, ডাল পাওয়া যায় চার টাকায়। তেমনি পাওয়া যাচ্ছে আটা, লবণ, চিনি, তেল, সুজি, মাছ, মাংস, সবজি, থেকে শুরু করে ক্রোকারিজ আইটেম, বাচ্চাদের পোশাক, খেলনাসহ স্টেশনারি পণ্য।
দুই তলাবিশিষ্ট এই মার্কেটে বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে। আর ক্রেতারা সেসব পণ্য দেখে দেখে কিনতে পারেন এমন অবিশ্বাস্য দামে। তবে এখান থেকে শুধু পণ্য কিনতে পারেন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষ।
স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্প্রতি চালু করেছে এমনি একটি সুপারশপ। যার নাম দেওয়া হয়েছে ‘হ্যাপিনেস স্টোর’। রাজধানীর মিরপুর বর্ধিত পল্লবীর রূপনগর রোডে অবস্থিত বিদ্যানন্দের এই সুপারমার্কেট।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের আমন্ত্রণে সুপার শপটি পরিদর্শনে আসেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় তিনি নিজেও বিক্রয়কর্মীর ভূমিকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। বৈশ্বিক মন্দার প্রভাবে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে—নিয়মিত সংবাদের হেডলাইন হয়।
দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের জন্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছুর দাম। এ ছাড়া রমজানেও নতুন করে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে দরিদ্র মানুষকে নামমাত্র মূল্যে পণ্য দেওয়ার পাশাপাশি প্রয়োজনমতো বাছাই করে পণ্য নেওয়ার স্বাধীনতা দিতে বিদ্যানন্দের এই এলাহি আয়োজন।
