শিশুশিল্পী হিসেবে নজরে আসেন পূজা চেরি। এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নূরজাহান দিয়ে বড় পর্দায় অভিষেক। পাঁচ বছরে একে একে উপহার দেন পোড়ামন ২, দহন, প্রেম আমার টু, সাইকো, শান, গলুই।
ওয়েব ছবি পরী দিয়ে আবার আলোচনায় পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিবাচক রিভিউও দিয়েছেন। ছবিটি মুক্তির পর পূজার কাছেও তাঁর এই নতুন কাজ ভালো লেগেছে।
তিনি বলেন, ‘আমার সব কাজই আমার কাছে ভালো লাগে। তারপরও আমার মনে হয়, আরেকটু ভালো হলে ভালো হতো। যেহেতু দর্শকের জন্য কাজ করি, তাই মুক্তির আগপর্যন্ত চিন্তা ছিল। প্রথমবার ওয়েব ফিল্ম, কোনো না কোনো খুঁত ধরবেন হয়তো। কিন্তু এখন পর্যন্ত যত রিভিউ পেয়েছি, ৯৮ ভাগই ইতিবাচক। সবাই দেখার পর এ–ও বলেছেন, নিজেকে ভাঙার চেষ্টা করেছি। অভিনয় আগের চেয়ে ভালো হচ্ছে। অভিনয়ের এমন প্রশংসা শুনতে কিন্তু ভালোই লাগছে।’
পরীতে অভিনয় করতে গিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন পূজা। শুটিংয়ের একাধিক স্থিরচিত্রে পূজা ও জোভানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। তবে তখনই দৃঢ়তার সঙ্গে একটা কথা বলেছিলেন অভিনেত্রী, মুক্তির পর সবার ভুল ভাঙবে। শেষ পর্যন্ত হয়েছেও তা–ই।
পূজা বলেন, ‘সমালোচনা যখন হচ্ছিল, ভেবেছি, কাজটা আগে মুক্তি পাক। এখন কিছু বলব না। আমার মনে হয়েছে, সমালোচনা ও আলোচনা যা হয়েছে, তা কাজের মাধ্যমে ধুয়েমুছে যাবে। সবাই বুঝেছেন, ওটা শুটিংয়েরই দৃশ্য। কাজের সময় সহশিল্পীর সঙ্গে চমৎকার রসায়ন থাকতে হয় এবং সেটা শুধু কাজের জন্যই। প্রথমে আদ্রিত, সিয়াম, শাকিব খান ও শেষে জোভান—যাঁদের সঙ্গেই কাজ করেছি, কথা হয়েছে। তবে এসব আমরা কেউই পাত্তা দিই না। আমাদের দুজনের এখনো কথা হয়। পেশাদার সম্পর্কটা আছে।’
