সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হন মাহিয়া মাহি। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নয় মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতারে তখন ক্ষুব্ধ হন বিনোদন অঙ্গনের অনেকে। বিষয়টি নিয়ে ৩দিন পর অবশেষে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন।
একুশে পদকপ্রাপ্ত এই চলচ্চিত্র অভিনয়শিল্পী মনে করছেন, মাহিকে এভাবে গ্রেফতারের মধ্য দিয়ে ওই পুলিশ কর্মকর্তা তার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন।
বর্তমানে ইলিয়াস কাঞ্চন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২৮ মার্চ তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। সেখান থেকে মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এখানে আমি আমার ছেলের সঙ্গে আছি। সেও দেখেছে পুরো ঘটনা। সেও বলল, মাহি যে রকমই হোক, সে তো একজন শিল্পী। তাকে এয়ারপোর্ট থেকে এভাবে অ্যারেস্ট করতে হবে! সে তো বিশাল বড় কোনো একজন কিলারও নয়। তাকে যদি অ্যারেস্ট করতেই হয়, বাসা থেকেও তো করা যেত। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে যেভাবে অ্যারেস্ট করা হলো, তাতে মনে হয়েছে, দেশের মধ্যে কোনো ডন আসছে। তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট না করলে, সে পালিয়ে যাবে।’
এরপর এ নায়ক বলেন, ‘সংস্কৃতি জগতের সবারই ভাবমূর্তির বিষয় আছে। সেগুলো তো অবশ্যই মাথায় রাখা উচিত ছিল ওই পুলিশ কর্মকর্তার। কাজটা এ রকমভাবে করা উচিত হয়নি। যেভাবে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হলো, কয়েক ঘণ্টা পর আবার ছেড়েও দিল—তাহলে বিশাল ক্রিমিনালকে যেভাবে ট্রিট করে, একজন শিল্পীকে নিয়ে সে কাজটা কেন করল! এই কাজ করে ওই পুলিশ কর্মকর্তা শুধু ক্ষমতা প্রদর্শন করলেন, তা তো নয়, আমাদের চলচ্চিত্রের জন্য ক্ষতিকর কাজটিই তিনি করলেন। সর্বজন পরিচিত চলচ্চিত্রের একজন শিল্পীকে এভাবে অ্যারেস্ট করা মোটেও ঠিক হয়নি। তাকে এভাবে অ্যারেস্ট করাটা তার ইমেজ ক্ষুণ্ন করা, শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন করা এবং ব্যবসায়িকভাবে চলচ্চিত্রের জন্য ক্ষতি করা।’
শুক্রবার (১৭ মার্চ) রাতে মারধর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে স্থানীয় ইসমাইল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরদিন শনিবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে সাতদিনের রিমান্ড চেয়ে সেখান থেকে তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুর কারাগারে পাঠানো আদেশ দেন। এরপর বিকেলে মাহির পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করলে একই আদালত তার দুই মামলায় জামিন মঞ্জুর করেন। এর কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় মাহিকে।
পুলিশ ও এলাকালাকাবাসী জানায়, সম্প্রতি ওমরা পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখান থেকে দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
