এবার মুখ খুললেন নিপুণ আক্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) দুপুরে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

এরপরেই ঢাকাই শোবিজের বেশ কয়েকজন তারকা মাহিকে গ্রেপ্তার ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে দাবি তুলেছেন। এ তালিকায় আছেন রেদওয়ান রনি, শিহাব শাহীন ও আশফাক নিপুণের মতো নির্মাতারা।

সব জায়গায় চলছে আলোচনা-সমালোচনা। এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের মতে, মাহির গ্রেফতারের খবরটা পেয়েছেন। কিন্তু সাংগঠনিকভাবে আদতে খুব বেশি কিছু করার সুযোগ নেই।

নিপুণের ভাষ্য, ‘আসলে এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার। ওর বিরুদ্ধে বাদী হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংগঠনিকভাবে আমরা কী করতে পারবো, বুঝতে পারছি না। কারণ আইন তো সবার উর্ধে। শুধু এটুকুই বলবো যে, মাহির যে শারীরিক অবস্থা, যতদূর জানি সে এখন সাত-আট মাসের অন্তঃসত্ত্বা; যতটা সম্ভব ওকে যাতে ভালোভাবে রাখে। বাকিটা আসলে আমরা বুঝতে পারছি না, যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার হয়ে গেছে।’

এর আগে দুপুরে সমিতির সহ-সভাপতি নায়ক রিয়াজ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘খবরটি আপনার কাছ থেকে শুনলাম। এটি দুঃখজনক। সত্যি কথা বলতে সবাইকেই আসলে নিয়ন্ত্রণের মধ্যে থেকে কথা বলার প্র্যাকটিস করা উচিত। আমি তো একজন সেলিব্রেটি। যা খুশি তাই জনসম্মুখে বলে দিতে পারি না। আমার কথাগুলো যেন সমাজে নেতিবাচক প্রভাব না ফেলে তা ভাবতে হবে। যে বিষয়ে মাহিকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে আসলে শিল্পী সমিতির বলার কিছু নেই। এটা মাহির ব্যক্তিগত বিষয়। নিশ্চয়ই তিনি আইনি ভাবেই এটা মোকাবিলা করবেন। আমাদের কিছু বলতে হলে সাংগঠনিকভাবে এই বিষয় নিয়ে আলোচনা করে বলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *