‘জজ আমার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি বসেছেন আর উঠেছেন। এক সেকেন্ডের মধ্যে কিভাবে আদালত শেষ হয়ে যায়?’ আদালত থেকে বের হয়েই এমন মন্তব্য করেন মাহিয়া মাহি।
শনিবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারের পর গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয় মাহিকে। সেখান থেকে পুলিশ পাহারায় বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
আদালতে পুলিশের পক্ষ থেকে মাহির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই চিত্রনায়িকাকে গাজীপুর কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জাজ আমার সঙ্গে কোনো কথা বলেইনি। জাজ একটা কথাও বলে নাই। জাজ জাস্ট চেয়ারে বসেছেন, আর উঠেছেন। ১ সেকেন্ডের মধ্যে কোর্ট কীভাবে শেষ হয়ে যায়? কোর্ট আমার সঙ্গে কোনো কথাই বলে নাই।’
এর আগে গতকাল মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আর জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
