মাহিয়া মাহিকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতারের পর আজই আদালতে হাজির করবে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি জানান, নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করার পর তাকে গাজীপুর নেওয়া হচ্ছে। আজ যেকোনো সময় আদালতে হাজির করা হবে। আদালতে হাজির করে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করবে।

তিনি বলেন, মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছি। বাকী প্রক্রিয়া শেষে আমরা দ্রুতই তাঁর রিমান্ড চাইব। মাহির স্বামী রকিব সরকার এখনও পলাতক।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। তার স্বামীর দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

এর আগে শুক্রবার মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *