জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। দিনটিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম পোস্ট করেছেন সাধারণ থেকে তারকা অনেকেই। তেমনি একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে বিশেষ আয়োজন করেছিলেন এই অভিনেতা। সুন্দর একটি কেক কেটে জাতির পিতাকে স্মরণ করেন তিনি। সেই কেক কাটার মুহূর্তের কয়েকটি ছবি শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন ডিপজল।
ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘মহানায়কের শুভ জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি।’
১৯২০ সালের আজকের এই দিনে (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে দিনটি উৎযাপন করা হয়।
দিনটি উপলক্ষে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
