দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এক সময়ের মডেল, উপস্থাপিকার এখন ব্যস্ততা চলচ্চিত্র নিয়েই। তবে সখের বসে দর্শকদের উপহার দিয়েছেন কয়েকটি গানও।
ইতোমধ্যেই নুসরাত ফারিয়া প্রকাশ করেছেন তিনটি গান। এরই ধারাবাহিকতায় আসছে তার আরো এক নতুন ট্র্যাক। এর শিরোনাম ‘বুঝি না তো তাই’।
নতুন এ গানের প্রসঙ্গে জানা যায়, এতে নুসরাত ফারিয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ব্রিটিশ র্যাপার মুমজি স্ট্রেঞ্জার। বাংলাদেশি বংশোদ্ভূত এ গায়ক বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতে।
ফারিয়া জানান, গানচিত্রটি ঈদ উৎসবে প্রকাশ হচ্ছে ভারতের বিখ্যাত ব্যানার এসভিএফ মিউজিক থেকে। বাঁধনের কথায় গানটিতে নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক বলিউডের নামকরা র্যাপার মুমজি স্ট্রেঞ্জার।
মুমজির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাত বলেন, ‘মুমজি বলিউডের র্যাপার-মিউজিক ডিরেক্টর। যদিও সে বাংলাদেশী বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। মানুষ হিসেবে সে অসাধারণ। এতো কোঅপারেটিভ মানুষ আমি কাজের দুনিয়ায় খুব কম পেয়েছি।’
গানচিত্রটির শুটিং এরমধ্যে শেষ। এতে নুসরাত-মুমজি দুজনেই অংশ নিয়েছেন টলিউডের বাবা যাদবের কোরিওগ্রাফিতে।
কিন্তু ফারিয়ার এবারের গানটির বিষয়বস্তু কেমন? জবাবে গায়িকা বলেন, ‘এটা মূলত মজার গান। প্রেমে পড়া নিয়ে যে কনফিউশনটা তৈরি হয় অনেকের জীবনে, সেটাই তুলে ধরা হয়েছে।’





