সংবাদ সম্মেলন ডেকেছেন মাহি, জানাবেন গুরুত্বপূর্ণ তথ্য

গাজীপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামীকাল শনিবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহিয়া মাহি স্বামীর সঙ্গে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। আগামীকাল শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সৌদি আরব থেকে মোবাইল ফোনে মাহি বলেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল শনিবার বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করব। আমার সমস্ত পরিচিত এবং এখনো পরিচয় হয়নি এমন সব সাংবাদিক ভাই-বোনদের প্রেস কনফারেন্সে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ অনেক বিষয় তুলে ধরব।’

আজ শুক্রবার ভোর ৫টার দিকে মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে এ ঘটনা ঘটে। ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন।

রকিব সরকার জানান, শুক্রবার ভোর ৫টার দিকে ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক সনিরাজ কার প্যালেস নামে তার একটি গাড়ির শো-রুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তার শো-রুমের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাচ এবং টেবিল চেয়ার ভাঙচুর করে শো-রুমের সাইনবোর্ড খুলে নেয়। দুর্বৃত্তরা তার অফিস কক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *