ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপার স্টার শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। অভিযোগের পর ঘটনা মীমাংসার জন্য দুজনের বৈঠক হয়েছে বলে জানান চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তরাঁয় দুজনের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য উভয়েই বসেছিলেন বলে জানা গেছে। এ সময় সেখানে খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন তিনি।
খোরশেদ আলম খসরু বলেন, সমাধানের লক্ষ্যে আজ আমরা বসেছি। সমাধান হয়নি কিছু। তবে চেষ্টা করছি সমাধানের। এই চেষ্টা অব্যাহত থাকবে।
খসরুর দেওয়া তথ্য অনুসারে, অভিযোগকারীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শাকিব খান। নিজের জায়গায় এখনও অনড় রয়েছেন সেই প্রযোজক।
প্রযোজক রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে বুধবার (১৫ মার্চ) গুরুতর অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিব গ্রেফতারও হয়েছিলেন। শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করেছে এবং প্রয়োজনে এ সম্পর্কিত নথি তিনি সরবরাহ করবেন।
তার ওই অভিযোগে তিনি শাকিবের ঠিক সময়ে শুটিংয়ে না আসা, ব্যয়বহুল যৌনাচার আর নারী সহপ্রযোজককে ধর্ষণের বিস্তারিত তথ্যও উল্লেখ করেছেন।
এ বিষয়ে শাকিব খানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবারই কল কেটে দিয়েছেন।
