সাকিব আমাকে মারতে এসেছিল: ব্যারিস্টার সুমন

জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের একাধিক বিতর্কিত কাণ্ডের তালিকায় এবার নতুন করে যোগ হলো পুলিশ সদস্য হত্যা মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করা। এ নিয়ে যখন চারিদিকে সমালোচনার ঝড়, ঠিক তখন নতুন আরেক বিস্ফোরক তথ্য দিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজের ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘সাকিব আল হাসান এমন একজন মানুষ সে কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারে না। কিছুদিন আগে তার সাথে সোনারগাও হোটেলে দেখা হয়েছিল (বাংলাদেশ বনাম ভারতের সিরিজের সময়), সেখানে সে আমাকে দেখে পুলিশ এবং বিসিবির কর্মকর্তার সামনে আমাকে মারতে এসেছিল।’

সুমন আরো বলেন, ‘পুলিশসহ আরো অনেকেই আমাকে বলেছেন- থাক ভাই, বাদ দেন, সে সেলিব্রিটি মানুষ, তার কথা বলে লাভ নাই। কিন্তু সেই জুয়ার বিষয় থেকে আজকে তার দুবাইয়ে এই উদ্বোধনের ঘটনা পর্যন্ত এখন আমার কাছে মনে হয়েছে- বিদ্ধান যদি খারাপ মানুষ হয় তাহলে সে পরিত্যাজ্য। মানুষ হিসেবে সে যদি ভালো না হয় তাহলে তার ফ্যান হওয়ার সুযোগ নাই। আমাকে সে যেদিন মারতে এসেছিল আমি কাউকে কিছু বলিনাই, আল্লাহর কাছে বিচার দিয়েছি। বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন যদি এমন বেয়াদব হয় তাহলে বিচার দেওয়ার জায়গা থাকে না।’

প্রসঙ্গত, দুবাইয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে গেছেন দেশের কয়েকজন সেলিব্রেটি। সাকিব আল হাসান, দেবাশীষ বিশ্বাস, দীঘি, হিরো আলম তাদের মধ্যে অন্যতম। এ ঘটনায় দেশে সমালোচনার ঝড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *