Home ফিচার অবশেষে সমাপ্ত হলো সিটিসেলের যাত্রা

অবশেষে সমাপ্ত হলো সিটিসেলের যাত্রা

0
329

বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। এর সব আলো নিভে গিয়েছিল আগেই। বাকি ছিল প্রধান আলোটি। সেটিও নিভে গেলো এবার। আলোটি নিভলো মঙ্গলবার (১৪ মার্চ)।

এদিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসিতে মোবাইল ফোন অপারেটর লাইসেন্স বাতিলের পূর্বানুমোদনের চিঠি এসেছে। লাইসেন্স বাতিলের পূর্বানুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ফলে আর আলোর মুখ দেখবে না সিটিসেল।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) তার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কমিশন বৈঠকে (সর্বশেষ বৈঠকটির আগের বৈঠকে) সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। বিষয়টির জন্য সরকারের পূর্বানুমোদন চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায়। সরকারের কাছ থেকে মঙ্গলবার (১৪ মার্চ) লাইসেন্স বাতিলের অনুমোদনের চিঠি পেয়েছে বিটিআরসি। এখন সিটিসেলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করবে নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির কমিশনার (লিগ্যাল ও লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে সিটিসেলের লাইসেন্স বাতিলের পূর্বানুমোদনের চিঠি পেয়েছি। আমরা সিটিসেলকে দ্রুত লাইসেন্স বাতিলের চিঠি পাঠাবো।’ জানা গেছে, বুধবার (১৫ মার্চ) সিটিসেলকে লাইসেন্স বাতিলের চিঠি পাঠানো হতে পারে।

২০০৭ সালের শেষের দিকে সিটিসেল নতুন লোগো উন্মোচন করে। ২০১৬ সালের ২০ অক্টোবর বিটিআরসি কোম্পানিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এ সময় এর গ্রাহক সংখ্যা ছিল ৬ লাখের কিছু বেশি। ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে সিটিসেলের তরঙ্গ আবার খুলে দেওয়া হয়। যা ৬ নভেম্বর আবার বন্ধ করা হয়।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিটিসেলের অনুকূলে বরাদ্দ দেওয়া সব তরঙ্গ ও একই বছরের ৭ আগস্ট রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্ট লাইসেন্স বাতিল করা হয়।

গত বছরে ১৪ সেপ্টেম্বরের মধ্যে (নির্ধারিত সময়) সরকারের বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের ২জি সেবার লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া সিটিসেলের জবাব সন্তোষজনক না হওয়ায় বিটিআরসি সিটিসেলের ২জি সেলুলার লাইসেন্স বাতিলের জন্য সিদ্ধান্ত নেয় বিটিআরসি ৷

১৯৮৯ সালে সরকারের নির্দেশে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) বাংলাদেশ টেলিকম লিমিটেডের অনুকূলে মোবাইল অপারেটরের লাইসেন্স ইস্যু করে। পরবর্তী সময়ে এর নাম রাখা হয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, যা সিটিসেল নামে পরিচিতি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here