পার্শ্ববর্তী দেশ ভারতে চলছে ‘পাঠান’ উন্মাদনা। বাংলাদেশেও লেগেছিল সেই উন্মাদনার ঢেউ। দর্শকের চাহিদার কথা ভেবে ছবিটি দেশে মুক্তির ব্যাপারে কথাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। বিষয়টি এখনও চর্চিত। এবার এই চর্চায় যোগ দিলেন জায়েদ খান। বলিউডের ‘পাঠান’ না এনে তাকে দিয়ে দেশে ‘পাঠান’ তৈরি করতে বললেন জায়েদ।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ার সময় প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
জায়েদ বলেন, “এ দেশে ‘পাঠান’ আনার কি প্রয়োজন? তার চেয়ে ‘পাঠান’ না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে ‘পাঠানে’র মতো তৈরি করুন। আমাদের দিয়ে বলিউডের ছবির মতো ছবি বানান।”
এরপর দেশে ‘পাঠান’ মুক্তির কুফল উল্লেখ করে তিনি বলেন, “দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। কারণ এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনও এক শ কোটির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না।”
এ সময় হিন্দি ছবি আমদানির বিরোধিতা করে জায়েদ বলেন, ‘দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে এখানে না আসে।’
