বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে কর্মকর্তাদের প্রত্যাহার ও মালামাল সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে হিরো আলম তার কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে গিয়ে মানববন্ধন করেন।
এ সময় তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে এই স্টেডিয়ামে কোনো খেলা দেওয়া হয়নি। ১৫ বছরে কি একটি খেলাও দেশে হয়নি? কোথাও না কোথাও তো খেলা হয়েছে টুকটাক। তা হলে বগুড়া কি খেলা হওয়ার মতো স্টেডিয়াম না? এখানে কি এর আগে খেলা হয়নি? তাহলে কেন আজকে স্টেডিয়াম থেকে মালপত্র তুলে নিয়ে যাওয়া হলো।
তিনি অভিযোগ করেন, ১৫ বছরেও বগুড়ার উন্নয়নে কোনো কাজ করা হয়নি। একটা পক্ষ চাচ্ছে না এখানে খেলাধুলা হোক। কারণ খেলাধুলা হলে মাঠ তো চাঙ্গা থাকবে। তাই তারা এমন কাজ করছে। এখন বছরের পর বছর যখন মাঠটি পড়ে থাকবে তখন মানুষ কী করবে? গরু-ছাগলের হাট করার জন্য দিবে। তখন জুয়া খেলার জন্য, মেলা করার জন্য দিবে।
এসময় তিনি বলেন, বগুড়ার বিমানবন্দরে গরু-বাছুর চড়ে, ধান চাষ হয়। এখন শুধু আছে এক মেডিকেল কলেজ। এখানে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেও আমাদের লাভ হয় না। বগুড়ার মাটিকে আপনারা ঘাঁটি না বানিয়ে উজাড় করে দিয়েছেন। এটা লজ্জার। এজন্য ধিক্কার জানাই আমি।
আলোচিত এই ইউটিউবার বলেন, স্টেডিয়াম কি মেলা, হাট বা জুয়ার আসর বসানোর জন্য? সিন্ডিকেট চায় স্টেডিয়াম যেন না থাকে। তখন ওরা ৯৯ বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবে।
স্টেডিয়ামের কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায় নেই দাবি করে তিনি বলেন, বিসিবির দোষ নেই। তারা এখানে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু ওই সিন্ডিকেট কাজে বাধা দিচ্ছে। তারাই বিসিবির খেলা আসার আগে চিঠি দিয়ে বাধা দিয়েছে যেন খেলা না হয়।
এই সিন্ডিকেট কারা জানতে চাইলে হিরো আলম বলেন, আপনারও মোটামুটি সবই জানেন। আমি এখন তাদের নাম বলতে চাই না।
হিরো আলম বলেন, স্টেডিয়াম থেকে মালামাল ও কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যাওয়া বগুড়াবাসীর জন্য লজ্জার। ১৫ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? বগুড়াকে এই সময়ের মধ্যে কী দেওয়া হয়েছে? মাস খানেক আগেই উপ-নির্বাচনে বগুড়া সদর থেকে ৫০ বছর পর নৌকা মার্কার রাগেবুল আহসান রিপু ভাই নির্বাচিত হয়েছেন। আমিও ভোট করেছি তার বিরুদ্ধে।
নবনির্বাচিত সংসদ সদস্যের উদ্দেশে হিরো আলম বলেন, রিপু ভাইকে বলতে চাই, বগুড়ার মানুষের তাদের রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে ভোট দিয়েছে। আপনি দায়িত্বে থাকা অবাস্থায় কিভাবে স্টেডিয়ামে থেকে সবকিছু বিসিবি প্রত্যাহার করে?
