সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর নিউমার্কেট সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায়। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখান থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বিস্ফোরণের কারণে ভবনটির সামনের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত ঘটছে। মানুষের ভিড় ঠেকাতে কাজ করছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। বিস্ফোরণের পরই নিউমার্কেট ও ওই এলাকার সব মার্কেটে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *