ফারুকীর হাত ধরে নতুন মিশনে নামলেন তিশা

সিনেমা ও টিভি বিজ্ঞাপন দিয়ে বাজিমাত করা মোস্তফা সরয়ার ফারুকী গেল বছর ওয়েব প্ল্যাটফর্মেও অভিষিক্ত হয়েছেন। নির্মাণ করেছেন ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামে ওয়েব সিরিজ। সেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর, চঞ্চল চৌধুরী প্রমুখ।

সেটি মোটামুটি আগ্রহ তৈরি করেছিল দর্শকের মধ্যে। তবে ফারুকীর নির্মাণের যে মুন্সিয়ানা বা মুগ্ধতা; সে অনুপাতে সাফল্য পায়নি সিরিজটি। এবার বেশকিছু সূত্রে জানা গেল আরও একটি নতুন সিরিজের কাজ করতে যাচ্ছেন তিনি। এর নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। কারণ বেশ গোপনীয়তা বজায় রেখে সিরিজটির শুটিং চলছে।

তবে চমকপ্রদ খবর হলো, সন্তান জন্মের পর এই ওয়েব সিরিজ দিয়েই অভিনয়ে ফিরলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিছুদিন আগে অবশ্য একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। তবে কোনো দীর্ঘ পরিসরের ফিকশনে এই সিরিজ দিয়েই কাজে ফেরা হলো তার।

এর আগে টিভি ও চলচ্চিত্রে অভিনয়ের সুবাস ছড়ালেও ওটিটিতে কখনও কাজ করেননি তিশা। এবার স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ দিয়ে এই মাধ্যমটিতে পা রাখতে চলেছেন তিনি।

তবে এ বিষয়ে জানতে চাইলে তিশা বলেন, ‘এখনও কোনো কাজ আমি ওভাবে শুরু করিনি। আমার মেয়ের বয়স সবে ১ বছর হলো। ওকে আরও সময় দিতে চাই। আমি চাই না ওর এই সময়টাতে সে আমাকে মিস করুক। ঘরোয়া পরিবেশে কাজের সুযোগ এলে কিছু শুটিং করব। তবে বড় আয়োজনে এখনই ফিরতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *