খুলল কালশী ফ্লাইওভার, চওড়া হাসি মিরপুরবাসীর

যানজটে নাকাল রাজধানীর মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগ নেওয়া হলেও সড়কে দিনদিন গাড়ির চাপ বাড়ায় ও শৃঙ্খলা না থাকায় খুব একটা কাজে আসছে না। তবুও নিরন্তর চেষ্টা সরকারের। বিজয়ের মাস ডিসেম্বরের পর থেকে এখন অবধি মেট্রোরেলের একাধিক স্টেশন খুলে দেওয়ায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলতে স্বস্তি আসছে নগরবাসীর। বিশেষ করে মিরপুর এলাকার যেসব মানুষ এই রুট ব্যবহার করছেন তারা নির্বিঘ্নে চলাচল করছেন। এবার এই এলাকার মানুষের চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে খুলে দেওয়া হলো কালশী ফ্লাইওভার।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মিরপুর বালুর মাঠে এক সুধী সমাবেশে যোগ দিয়ে উড়াল সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি চালু হলে মিরপুরের সঙ্গে বনানী, উত্তরা এবং রাজধানীর পূর্বাংশের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামও মনে করেন কালশী ফ্লাইওভার চালু হওয়ায় মিরপুরবাসী যানমুক্ত থাকতে পারবে।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ফ্লাইওভারটি নির্মাণ হয়েছে।

এ প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন হয়। এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিএনসিসি ও বাংলাদেশ আর্মির ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রকল্প বিবরণ অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পের আওতায় যাত্রীদের ভ্রমণ সহজ করতে আগের চার লেনের রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চার লেনের ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। আর দুই লেনের র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে গিয়ে মিশবে কালশী সড়কে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুল ওভারব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, ৭ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ আরসিসি ড্রেন, ১ হাজার ৭৫৫ মিটার একটি আরসিসি পাইপ ড্রেন, ৩ হাজার ৩৮৩ মিটার যোগাযোগ তার, আলাদা সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *