এখন আমার অভিনয় করার আগ্রহ আছে: শাওন

নাট্যাঙ্গনের আলোচিত অভিনেত্রী ও গায়কা মেহের আফরোজ শাওন। অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শক ও ভক্তদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন।

যদিও তাকে এখন আর অভিনয়ে নিয়মিত দেখা যায় না তবে নির্মাতা হিসেবেও তিনি কাজ করছেন। এ নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

বর্তমানে ওটিটি অভিনয়শিল্পী ও নির্মাতাদের জন্য বড় একটি প্ল্যাটফরম। এই মাধ্যমে অভিনয়ে কবে দেখা যাবে আপনাকে? এ প্রশ্নের জবাবে শাওন বলেন, অভিনয় তো করতেই চাই কিন্তু কেউ নেয় না… হাহাহা। না আসলে আমি দুষ্টামি করে বললাম। অভিনয় করার আগ্রহ আছে এবং আমি আগ্রহটা জানিয়েছি কিছু পরিচিত নির্মাতা বন্ধুকে।

তবে অভিনয় করতে চাইলেই সঙ্গে সঙ্গে শুরু করা যায় না। আমার বয়স, আমার যোগ্যতা অনুযায়ী সেরকম একটা চরিত্র তো পেতে হবে। যখন সবকিছু মিলে যাবে তখনই হবে। আসলে পুরোটা একটা সময়ের ব্যাপার, একটা ক্লিক করার বিষয় আছে। হয়তো দেখা যাবে সবকিছু ঠিকঠাক মতো হলে। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। মাঝখানে বড় একটি সময় আমিই আপত্তি করে গেছি। আমার ভালো লাগত না, আমার ইচ্ছা হতো না। এখন কিন্তু আমার ইচ্ছা হয়। ওটিটির নতুন নতুন ভালো কাজ দেখেই আমার এই আগ্রহটা বেড়েছে।

আর নির্মাতা হিসেবে…

শাওন বলেন, নির্মাণে দেখা যাবে। আমি একটু বড় সময় বিরতি নিয়েছি। আমার দুটি সন্তানই বয়ঃসন্ধিকাল পার করছে। এই বয়ঃসন্ধিকালটা আমরা পার করেছি একভাবে। তবে এখনকার প্রজন্মের বয়ঃসন্ধিকালটা এখনো আমি বুঝে উঠতে পারছি না। পেরে উঠছি না। সে জন্য আমার একটু সময় বিরতি যাচ্ছে। তবে আশা করছি আমি এ বছরের শেষ নাগাদ একটি কাজ শুরু করব।

এই সময়ের কোন কোন কাজ ভালো লেগেছে? তিনি বলেন, অনেক কাজ আছে। আমি আসলে নাম ধরে সেগুলো বলতে পারব না। বলতেও চাই না। আমি খুব গর্বিত যে, বাংলাদেশে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বিশেষ করে যদি বলি, পাশের দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে তাদের কাজের চেয়ে বাংলাদেশের কাজের জয়জয়কার বেশি এবং আমি সম্প্রতি কলকাতায় বাংলাদেশ বইমেলায় গিয়েছিলাম। সেখানে রাস্তাঘাটে, ট্যাক্সিতে, খাবারের দোকানসহ সবখানে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের জয়গান শুনেছি। তারা মুগ্ধ হয়ে বাংলাদেশের অভিনয়শিল্পীদের অভিনয় দেখে। মুঠোফোনে বসে গোগ্রাসে আমাদের দেশের শিল্পীদের দেখে। নির্মাণগুলো দেখে। এটি একটি অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমি এ নিয়ে খুবই গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *