ছোটপর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বেশ আগে। এবার অহনার সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্ককে সিলমোহর দিলেন শামীম।
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিবসে নিজের ফেসবুকে শামীম একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, পড়ন্ত বিকেলের আলোয় দাঁড়িয়ে আছেন শামীম-অহনা। তারা একে অন্যকে জড়িয়ে আছেন। এ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’
পোস্টটি অহনাকে ট্যাগ করেছেন এ অভিনেতা। তবে এ অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি ওই পোস্টে। অহনা নীরব থাকলেও শামীম একধাপ এগিয়ে। তারা জুটি বেঁধেছেন মালা তুমি কার নামের একটি নাটকে। এটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অহনা। সেখানে মন্তব্যের ঘরে গিয়ে শামীম লিখেছেন, মালা তুমি আমার। এ থেকে বোঝা যাচ্ছে রাখঢাকের দিন শেষ। এখন থেকে ফাটিয়েই প্রেম করবেন তারা।
অহনার সঙ্গে প্রেমের সম্পর্ক কখনও স্বীকার করেননি শামীম। তবে সম্ভাবনাও উড়িয়ে দেননি। এ প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন, ‘সম্ভাবনার কথা তো বলা যায় না। এটা তো জীবন। এভাবে আসলে ভেবে দেখিনি এখনও। আমাদের পরিবারও এই বন্ধুত্বকে অ্যাপ্রিসিয়েট করে। দুজন দুজনের বাসায় গেছি। শুটিং থেকে ঘোরাফেরা, পরিবারের সঙ্গে যুক্ত হওয়া এই বন্ডিংটা হয়েছে। যদি প্রেম হতো, তাহলে বাবা-মাকেও জানাতাম।’
সেসময় শামীম জানিয়েছিলেন, ভবিষ্যতে তারা যদি প্রেমেরর সম্পর্কে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে লুকোচুরি করবেন না। স্পষ্ট জানিয়ে দেবেন বিষয়টি। সেটাই করলেন। এজন্য ভালোবাসার দিনটি বেছে নিলেন এ অভিনেতা।
