দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসেছেন তারা।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রের একাধিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে কোনো দ্বিমত নেই এসব সংগঠনের। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের সিনেমা হলে চলবে।
বাংলাদেশের ‘পাঠান’ সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের দাবি করছে, চলচ্চিত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ফলে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে আর তেমন কোন বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
তবে এই প্রসঙ্গে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নয় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাওয়া শাহরুখ খানের এই সিনেমা ঝড় তুলেছে বিশ্ব বক্স অফিসে। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।
