মানসিকভাবে ভালো নেই জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুভাকাঙক্ষীদের কাছে চেয়েছেন সাহায্যও। ইনস্টাগ্রামে এক পোস্টে প্রভা জানান, ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এসব ভুয়া অ্যাকান্ট রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভুয়া কয়েকটি টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশটসহ দুটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। “টিকটক” প্লাটফর্মে আমার কোনো আইডি নাই।
‘ইতিমধ্যে যারা যারা ভেবেছেন যে এটা আমার বা আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যি কারের আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই আইডিগুলোতে রিপোর্ট করে আপনারা এগুলো চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন।’
বন্ধু ও সহকর্মীদের সাহায্য চেয়ে অভিনেত্রী লেখেন, ‘আর আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনও আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন তাদের ভেরিফায়েড করা আইডি থেকে এই আইডিটার ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’
এই ভুয়া টিকটক অ্যাকাউন্টধারীদের উদ্দেশ্য অসৎ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।
‘এটা আমার উদ্দেশ্য নয়, সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করেন আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’
