চূড়ান্ত পর্বে গিয়েও গ্র্যামি পেল না বাংলাদেশি শিল্পী

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় বসে এই আসর। এবার আসরে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশি দুই শিল্পী নাশিদ কামাল ও আরমিন মুসা। সম্পর্কে তারা মা-মেয়ে।

ভারতীয় অ্যালবাম ‘শুরুয়াত’ গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছিল। বাংলাদেশি দুই শিল্পী ছাড়াও এই অ্যালবামে গান গেয়েছেন ভারতীয় সংগীত জগতের একাধিক রথী-মহারথীরা।

বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের প্রথম অ্যালবাম ‘শুরুয়াত’-এ আরমিন মুসার পাশাপাশি রয়েছে কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান। এই অ্যালবামের ‘জাগো পিয়া’ গানটি গেয়েছিলেন আরমিন মুসা-নিশাদ কামাল।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে মনোনীতদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছিল গত নভেম্বরে। সেখানেই ‘শুরুয়াত’ মনোনয়ন পাওয়ার পর থেকেই অপেক্ষায় দিন গুনেছিলেন আরমিন-নিশাদের ভক্তরা কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ল না।

সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম ঘোষণা করেছেন আয়োজকেরা। যেখানে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছে জাপানের অ্যালবাম ‘সাকুরা’।

বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এবং বার্কলে কলেজ অব মিউজিকের বাংলাদেশি ছাত্রী এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমিন মুসা। যিনি ‘ভ্রমর কোইয়ো গিয়া’, ‘লোনা দেয়াল’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্য প্রশংসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *