এবার নতুন পরিচয়ে আসছেন চিত্রনায়ক রিয়াজ

বিশ্বজুড়ে বিনোদন দুনিয়ায় দাপট দেখাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। বাংলাদেশেও বইছে ওটিটির জোয়ার। একের পর এক বাজারে আসছে নিত্যনতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এর ধারাবাহিকতায় এবার বাজারে এলো চ্যানেল আইয়ের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’।

নতুন এই প্ল্যাটফর্মটির প্রকল্প পরিচালক হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ। বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে ‘আইস্ক্রিন’র সাবস্ক্রিপশন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

রিয়াজ বলেন, বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে আসছে আইস্ক্রিন। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়াও সব ধরনের কন্টেন্ট খুব সহজেই চ্যানেল আইয়ের এই ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দর্শক।

“আইস্ক্রিন”র সাবস্ক্রিপশন পরিকল্পনা নিয়ে রিয়াজ জানান, প্রিমিয়াম কন্টেন্ট দেখতে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি প্ল্যান রয়েছে। আইস্ক্রিনে এক মাস, ছয় মাস ও এক বছরের তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান থাকবে। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ছয় মাস এবং এক বছরের সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা।

আইস্ক্রিনের অপারেশন ম্যানেজার আসাদ ইসলাম বলেন, “আমরা আপাতত ঘরোয়া আয়োজনে পরীক্ষামূলকভাবে সাবস্ক্রিপশন পরিকল্পনা চালু করলাম। শিগগির জমকালো আয়োজনে ‘আইস্ক্রিন’ উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে। কন্টেন্ট নিয়েও থাকছে চমকপ্রদ ঘোষণা।”

দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম “আইস্ক্রিন”র শুভ সূচনা লগ্নে চ্যানেল আই ভবনে আরও উপস্থিত ছিলেন- নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চ্যানেল আইয়ের সেলস ও মার্কেটিং বিভাগের ইসহারুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *