বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। চলচ্চিত্রে দুই বাংলা জয় করার পর সম্প্রতি শেষ করলেন একটি হিন্দি ছবির কাজ। নিজের কাজ, নিষ্ঠা আর পরিশ্রমের সাথে তিনি যেন প্রতিনিয়ত সময়কে জয় করে চলেছেন।
সম্প্রতি হিন্দি ছবি ‘পিঙ্ক’ খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি ‘কড়ক সিং’ এর কাজ শেষ করেছেন। এ নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া।
বলেন, মুভিটার কাজ শেষ করলামম অভিজ্ঞতা এক কথায় দারুণ। ছবিটি সিঙ্ক সাউন্ডে কাজ হয়েছে বলে ডাবিংয়েরও প্রয়োজন নেই। তাই বলতে পারি রিলিজের আগে ছবির জন্য আমার কাজটুকু শেষ করেছি।
জয়া আহসান বলেন, প্যান ইন্ডিয়া বা সর্বভারতে আমাকে দেখবে। একজন শিল্পী হিসেবে আমার কাজ অনেকে দেখুক। এসব ব্যাপারের চাইতেও আমি খুব ভাল কাজের লোভী। আমার লোভটা ঐ জায়গায়। আমি আসলে দর্শকের রুচি তৈরি করতে চাই। আজ থেকে অনেকগুলো বছর আগে আমি যে ধরণের ছবিতে কাজ শুরু করেছিলাম। আজ ওই ধরণের ছবিগুলোই বাংলাতে ট্রেন্ড। আমি অফট্র্যাক বলবো না। কিন্তু একজন শিল্পী হিসেবে আমি নতুন নতুন পথে হাঁটতে চাই। যে পথটা সুন্দর, নান্দনিক। হয়ত পথ ঘাস, লতাপাতায় ঢাকা। আমি ঐসব সরিয়ে নতুন পথ তৈরি করতে চাই।
ওটিটি প্লাটফর্মেও কাজ করতে আগ্রহী বলেও জানালেন এই অভিনেত্রী। বলেন, ওটিটির অফার আসছে বেশ। তবে আমি চাই, ওটিটি করলে বাংলাদেশের ডিরেক্টরের কোনো কাজ দিয়ে শুরু করতে। অর্থাত্ ওটিটিতে আমার প্রথম কাজ হবে বাংলাদেশি নির্মাতার।
