নিজের গাড়ি হিরো আলমকে উপহার দেওয়ার ঘোষণা শিক্ষকের

ইতোমধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচন শুরু হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ওই দুই আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এদিকে এই সোশ্যাল তারকাকে নিজের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের হাজী আব্দুল জব্বার জিএল একাডেমী এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল এম. মুখলিছুর রহমান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ এম মুখলিছুর রহমান এ ঘোষণা দিয়েছেন। নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়ানো অবস্থায় ওই শিক্ষকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে তিনি বলেন, হিরো আলম ভোটের প্রচারে মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি নির্বাচনে জয়ী হবেন কি না জানি না। ফল যেটাই আসুক না কেন; আমি আমার গাড়িটি তাকে উপহার দিতে চাই।তিনি আরও বলেন, সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমের নির্বাচনে ছয় লাখ টাকা দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও করেছিলাম। অনেকেই সেখানে খারাপ মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি।

এই শিক্ষক আরো জানান, আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন প্রিন্সিপাল ফালতু ওয়াদা করি না। ওয়াদা অনুযায়ী আমি আমার গাড়িটি কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেবো। নিজের গাড়ি কেন উপহার দেবেন এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষক বলেন, ‘হিরো আলম এক সময় জিরো ছিলেন। আজ তিনি সোনার টুকরা। তার সামনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমি গাড়িটি উপহার দেবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *