ছেলের সঙ্গে রিকশায় বসা ছবি দিয়ে যা বললেন মিশা সওদাগর

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। প্রায় ৩২ বছরের অভিনয় জীবনে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি। ব্যক্তিজীবনেও দুই সন্তান নিয়ে তার সুখী পরিবার।

মিশা সওদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ আমেরিকায় পড়াশোনা করছে। ছোট ছেলে ওয়াইজ করণী এবার রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও লেভেল’ পরীক্ষা দেবে। সোশ্যাল মিডিয়ায় ছোট ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ছেলে ওয়াইজ করণীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিশা। সেখানে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে রিকশায় যাত্রা করছেন তিনি। দুজনের চেহারায় প্রশান্তির ছাপ স্পষ্ট।

ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, আমার বাচ্চা ওয়াইজ করণী ‘ও লেভেল’ দেবে স্কলাস্টিকা থেকে। আমাকে ধরে বলল, বাবা সাবধানে বসো, পড়ে যাবে। আমি সাবধান হলাম, রিকশা থেকে পড়লাম না। কিন্তু আমার চোখ ভিজে গেল, খুশির পানি পড়তে থাকলো। আল্লাহ্‌ মহান।

তার সেই পোস্টে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘আল্লাহ্‌ তার (ওয়াইজ করণী) মঙ্গল করুন।’ জায়েদের মন্তব্যের প্রতিউত্তরে মিশা লেখেন, ‘দোয়া চাই।’

অভিনেত্রী ফারিয়া শাহরিন লিখেছেন, ‘ও (ওয়াইজ করণী) তো অনেক কিউট দেখতে, মাশাআল্লাহ্‌।’ ফারিয়ার মন্তব্যের জবাবে মিশা লেখেন, ‘দোয়া করবা ভাইয়া।’

অন্যদিকে নির্মাতা মালেক আফসারী লিখেছেন, ‘মাশাআল্লাহ্‌, দোয়া রইল।’ এছাড়াও নেটিজেনদের অনেকেই মিশার সেই পোস্টে মন্তব্য করেছেন, জানিয়েছেন ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *