বাংলাদেশি ভক্তদের জন্য আক্ষেপ করলেন তাসনিয়া ফারিণ

দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। ওয়েব দুনিয়ায়ও অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন এ অভিনেত্রী। কলকাতার জনপ্রিয় নির্মাতা অতনু ঘোষের হাত ধরে ফারিণের রুপালি দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে। সিনেমার নাম ‘‌আরো এক পৃথিবী’।

৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটির প্রচারণায় বর্তমানে কলকাতায় রয়েছেন ফারিণ। কলকাতা জুড়ে আরো এক পৃথিবীর পোস্টার। সিনেমার পোস্টারের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

সিনেমার প্রচারণার কলাকুশলীদের ভালো সময় কাটাচ্ছেন ফারিণ, সে আভাস তার সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি করা পোস্ট থেকে স্পষ্ট।

এদিকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ‘আরও এক পৃথিবী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে অংশ নেন ফারিণও। এরপর রাতে তিনি আসেন ফেসবুক লাইভে। ভক্তদের সঙ্গে বিনিময় করেন নিজের কিছু অনুভূতি ও ভাবনা।

প্রথম সিনেমা নিয়ে ফারিণের উচ্ছ্বাসের কমতি নেই। আবার এর সমান্তরালে রয়েছে আক্ষেপও। কারণ ছবিটি তার দেশের ভক্তরা দেখতে পাবে না। বিষয়টি নিয়ে ফারিণ বললেন, ‘সত্যি বলতে, বাংলাদেশে ছবিটা মুক্তি পেলে আমার চেয়ে খুশি কেউ হতো না। কিন্তু কিছু জিনিস তো আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে। আমিও চাই, যদি এখানে মুক্তি পেতো! পরবর্তীতে কোনও ওটিটিতে আসলে হয়ত দেখতে পাবেন ঢাকার দর্শক। তবে তা নিয়ে সঠিক কিছু আমি এখনও জানি না।’

বাংলাদেশের বহু মানুষ প্রায়শই কলকাতায় যান। সেসব মানুষের প্রতি তাসনিয়া ফারিণের আবদার, যেন কলকাতার প্রেক্ষাগৃহে বসে তার ছবিটি দেখেন এবং প্রতিক্রিয়া জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *