বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের ‘ভাগ্য’র পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি। সেই সঙ্গে পরীক্ষা হবে নতুন চিত্রনায়ক মুন্নারও।
ওইদিন মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই জুটি।
মুন্না এর আগে ‘ধূসর কুয়াশা’ নামে একটি সিনেমায় অভিনয় করেন, সেখানেও নায়িকা ছিলেন নিপুণ। উত্তম আকাশের পরিচালনায় সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়।
মুন্না বলেন, ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। তাছাড়া নিপুণের সাথে আগে কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। আসছে ৩ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির গল্প মৌলিক। আশা করছি, সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে এটি।
নিপুণ বলেন, অনেকদিন পর মুন্নার সাথে নতুন আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো তাই এই কাজটি আমাদের সুন্দর হয়েছে। তাই বলবো ছবিটি দর্শকরা দেখুক এটাই চাওয়া।
অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্রের ব্যানারে ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ। কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মোঃ মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস।
এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।
