এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে তার অভিনীত নাটক প্রচার হচ্ছে নিয়মিত।
এবার প্রথমবারের মতো সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই ভার্সেটাইল অভিনেতা। দিন কয়েক আগেই নিশোর সঙ্গে সিনেমার ঘোষণা দেন তরুণ নির্মাতা রায়হান রাফী। সিনেমাটির নাম ‘সুড়ঙ্গ’। এতে নিশোর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা তমা মির্জা।
এর মধ্যে এক খবর নিয়ে বেশ চর্চা হচ্ছে–গেল ছয় মাসে ১২-১৩ কেজি ওজন কমিয়েছেন এ অভিনেতা। ঝরিয়ে ফেলেছেন শরীরের বাড়তি সব মেদ।
এরপর অনেকেই প্রশ্ন তোলেন: তবে কি সিনেমার জন্যই এত ওজন কমাচ্ছেন এই অভিনেতা? প্রশ্নের উত্তর দিয়েছেন মজার ছলে। নিশো বলেন, ‘শুধু সিনেমার জন্য নয়, আমি ওজন কমিয়েছি আমার নিজের জন্য, পরিবারের জন্য এবং সিনেমার জন্যও।’
এসময় নিশো জানান, নাটকে তুমুল ব্যস্ত থাকার পর হুট করে শুটিং কমিয়ে দেওয়ায় শারীরিক ও মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে নাটককে একেবারেই টাটা, বাই বাই বলছেন না। সেটাও করবেন।
সিনেমা ছাড়াও এ বছর তার দেখা মিলবে ওটিটিতে। গেল বছরে তুমুল সাড়া পাওয়া ‘কাইজার’-এর দ্বিতীয় কিস্তিতে আসবেন নতুন চমক নিয়ে। শুধু তাই নয়, আরও একটি নতুন সিরিজ ‘আ কমন ম্যান’-এও অভিনয় করবেন তিনি, যেটি পরিচালনা করবেন আশফাক নিপুণ। এমনটাই জানা গিয়েছে, সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘হইচই মিট’-এ।





