সিনেমার প্রচারে ট্রাকে চড়ে ঘুরছেন পরীমণি!

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোনারগাঁও মোড়ে হঠাৎই একটি ট্রাকের বাজনার তালে তালে তাকে নাচতে দেখা গেলো। এমন দৃশ্য দেখে অনেক পথচারী থমকে দাঁড়িয়েছেন। চিত্রনায়িকা পরীমনি ও তার সঙ্গীদের এমন নৃত্য কেন? শুরুতে কিছু বুঝা না গেলেও পরে পথচারীদের বুঝতে বাকি রইলো না এটি তার আসন্ন সিনেমা প্রচারণার অংশ। সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর মুক্তি উপলক্ষে পরীমনির এমন ব্যতিক্রমী উদ্যোগ।

মঙ্গলবার (১৭ জানুযারি) সিনেমার প্রচারণায় পরীর সঙ্গে অংশ নিয়েছেন পরিচালক রায়হান জুয়েল, ১৪জন শিশুশিল্পী এবং ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমের অন্যান্য সদস্যরা।

সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত `অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিশুতোষ চলচ্চিত্রটি আগামী ২০ জানুয়ারি শুভমুক্তি পাচ্ছে। এতে উল্লেখযোগ্য চরিত্র হিসেবে আরও রয়েছেন ১৪ জন শিশুশিল্পী।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বলতে গেলে চিত্রনায়িকা পরীমনির কামব্যাক মুভি। গত বছর হাতে থাকা সিনেমার কাজ শেষে পরী মাতৃত্বকালীন অবসরে যান। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর কাজ সে সময় শেষ করলেও মা হবার পরে এটি পরীমনির প্রথম সিনেমা যেটি মুক্তি পেতে যাচ্ছে।

সে কারণেই এই সিনেমার প্রচারণা নিয়ে খুবই ব্যস্ত ও উৎসাহী সময় পার করছেন পরীমনি। বিভিন্ন স্কুলে গিয়ে শিশু কিশোরদের সামনে প্রচারণা চালাচ্ছেন। আর তার সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন টিম। সেই প্রচারণার অংশ হিসেবে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। এসময় তাদেরকে ব্যান্ড পার্টির সুর মূর্ছনার তালে তালে আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা যায়।

বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

‘২০১৮-১৯ অর্থবছরে নির্মাতা আবু রায়হান জুয়েল ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি লিখতে। কিন্তু পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সিয়াম-পরীর সঙ্গে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *