ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গেল বছরের ১৭ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। দেশে ফিরেই গণমাধ্যমে বলেছিলেন, এবার চমক নিয়ে আসছেন তিনি। এরপর সিনেমা নয়, তার ব্যক্তিগত জীবনের চমক জাগানো খবর প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, অসমাপ্ত ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ শেষ করলেও নতুন কোন সিনেমার শুট শুরু করেননি শাকিব খান। তবে ঘোষণা দিয়েছেন একাধিক সিনেমার। সেই ঘোষণা ঘোষণাতেই রয়ে গেছে।
নতুন খবর হচ্ছে, দেশে ফিরে কোনো নতুন সিনেমার শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। আজ মঙ্গলবার দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন শাকিব খান।
শাকিব খান সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বাংলাদেশি সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এবারে তার সফর ১৫ দিনের বলে জানা গেছে।
উল্লেখ্য, শাকিব খান দেশে ফিরে গত ৫ মাসে ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ নামের দুটি সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন। তারপর অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে সম্প্রতি দুবাইয়ে যান।
এর আগে, ২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান।
