রিয়েল হিরোদের সম্মাননা দিতে দুবাই গেলেন শাকিব খান

দুবাই পৌঁছেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি।

আজ শনিবার শাকিব খান দুবাই পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকারসহ আরও অনেকে। এ সময় তাদের গ্রুপ সেলফিতে লেন্সবন্দী হন কিং খান। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশও করেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট আর ট্রাউজার পরে আছেন শাকিব। চুল এলোমোলা, চোখে সানগ্লাস। এমন সাধারণ লুকে শাকিবিয়ানদের মন কেড়েছেন তিনি। তাই ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই উদ্যোগ।

আয়োজন প্রসঙ্গে ‘রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’র প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছে তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হবে।

শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

শরিফুল রাজ ও পরীমনির যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *