শুক্রবার বিশ্ব ইজতেমা: টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল

করোনার কারণে গত দুই বছর বিশ্ব ইজতেমা হয়নি। এবার ২০২৩ সালে এসে হচ্ছে বিশ্ব ইজতেমা। ১৩ জানুয়ারি, শুক্রবার ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে। ইজতেমা মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ পূরণ হয়ে গেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে মুসল্লিরা আসছেন। এসেছেন বিদেশিরাও। শীত উপেক্ষা করে চটের ছাউনির নিচে অবস্থান নিয়েছেন তারা।

বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। ১৬০ একর খোলা ময়দানে বাঁশের খুঁটির ওপর পাটের চট দিয়ে টাঙানো হয়েছে বিশাল প্যান্ডেল। তবে বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে করা হয়েছে আবাসস্থল।

বুধবার বিকেল পর্যন্ত ইজতেমা ময়দানে তিন হাজার বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।

জুবায়ের অনুসারীদের শীর্ষ পর্যায়ের মুরব্বি খন্দকার মেজবাহ উদ্দীন বলেন, এ বছর বিপুলসংখ্যক সাথি ইজতেমায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। মঙ্গলবার থেকেই সাথিরা বাসে, ট্রাকে করে দলে দলে আসছেন। সবাইকে নিয়ে একটি সুন্দর ইজতেমা হবে।

এদিকে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গী সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ময়দানে পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন, বাস, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।

৩শ’ সিসি ক্যামেরাসহ তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ মোতায়ন থাকবে। র‌্যাব ও আনসারসহ বিভিন্ন সংস্থা কাজ করবে। প্রতি বছরের মতো এবারও বয়ান থাকবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষায়।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন কাল থেকে। তাঁদের ইজতেমা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখ। সে হিসাবে এখন যাঁরা মাঠে আছেন বা আসছেন, সবাই জুবায়েরপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *