জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবর পৃথিবীর মায়া ত্যাগ করেন গত বছর ১৩ নভেম্বর। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই গায়কের মৃত্যুর পর ভালো নেই তার স্ত্রী কানিজ ফাতেমা। শুনতে হচ্ছে নানা কথাও।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমি বিধবা। আমার মুখ দেখে কেউ দিন শুরু করলে, তার নাকি অমঙ্গল হবে? এটা কোন সমাজে বাস করছি আমি। আমার মেয়েও তো প্রতিদিন তার বিধবা মায়ের মুখ দেখেই দিন শুরু করে, কই আমার মেয়ের তো কোনো অমঙ্গল হচ্ছে না!’
তিনি আরও বলেন, ‘আল্লাহ অথৈর বাবার দুনিয়ার আয়ু শেষ করে পরপারের মেহমান করে নিয়েছেন। এটা কি আমার দোষ? কোনো মেয়ে কি চাই- তার স্বামী তার আগে মারা যাক? আচ্ছা যখন অথৈর বাবা বেঁচে ছিল তখনও সমাজের মানুষ আমাকে বলেছে আমি কেমন মেয়ে, আমার মনে হয় চরিত্রে সমস্যা আছে। আমার রুচি কেমন? আমি এমন একটা অসুস্থ মানুষের সঙ্গে কেন থাকি। স্বামী বেঁচে থাকতেও আমার সমস্যা।’
সবশেষে আকবরের স্ত্রী বলেন, ‘এখন স্বামী মারা গেছে তাতেও আমার সমস্যা। তাহলে আপনারাই আমাকে বলে দেন আমার ভালো কোনটা। ঘর থেকে বের হলেই মানুষের নানা কথাবার্তা শুরু হয়ে যায়। আমি সত্যিই আর নিতে পারছি না। এমনিতে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। অথৈর বাবা নিজের সঙ্গে আমার প্রাণটাও নিয়ে গেছে। পড়ে আছে আমার শরীরটা। এই মৃতপ্রায় শরীরটা নিয়ে মেয়েটার কথা চিন্তা করে যত আমি স্বাভাবিক হতে চাই, ততই মানুষ আমাকে নর্দমায় ফেলে দিচ্ছে। এখন মনে হচ্ছে, আল্লাহ অথৈর বাবাকে না নিয়ে আমাকে নিয়ে গেলেই ভালো করত।’
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছিলো তার
কিছুদিন আগেই রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর গত ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে বৃথা করে পরপারে পাড়ি জমান আকবর।
গত সোমবার (১৪ নভেম্বর) বাদজোহর ধর্মতলা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আকবর।
