সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫জন।
সোমবার সকালে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন , একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া। আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। আহত কয়েকজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত ১০-১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।
দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এঘটনার পর বাসের চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন, একারণে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।
অন্যদিকে নিহতদের সৎকারে ২০ হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
