তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের একটি আম গাছ থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের বরকতপুর কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন উপজেলার চর অলোয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিল ও মাঝে মধ্যে ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে তিনি একটি মাদরাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মঙ্গলবার ভোররাতে ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।
এরপর সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
