তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের মধ্যকার চলমান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। তিনদিন ধরেই একসঙ্গেই আছেন রাজ-পরী।
২০২২ সালের শেষ দিন সংসার বিচ্ছেদের ইঙ্গিত দেন পরীমণি। বছরের প্রথম দিনেই বিছানা-বালিশে রক্তমাখা ছবি প্রকাশ করেন তিনি। সেদিনই আনুষ্ঠানিকভাবে জানান, সুস্থভাবে বাঁচতে চান। তাই বিচ্ছেদ অবধারিত। চলে আসেন নিজের বনানীর বাসাতে।
এদিকে যোগাযোগ করা হলে পরীই জানান, রাজ এখন তাদের বনানীর বাসায়। নানা ঘটনা ঘটলেও তারা একসঙ্গেই বসবাস করেন। গত ছয় দিনের মাত্র দুদিন রাজ-পরী আলাদা বাসায় ছিলেন।
পরীমণি বলেন, আমরা একসঙ্গে আছি। ৩ দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সবকিছু। এখন এটুকুই বলব। ২০ জানুয়ারি আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তার জন্য সবার ভালোবাসা চাই।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি-রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন আরও মা হতে যাওয়ার খবরও প্রকাশ করেন। এরপর ওই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
