দেশের আট জেলায় গতকাল বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ বইছিল, আর মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল ১০ জেলায়। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বাদে দেশের প্রায় সব জেলায় তীব্র শীত জেঁকে বসেছে, পাশাপাশি দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
