সৃজিত মুখার্জীর সিনেমা মানেই ভিন্নধর্মী কিছু দেখার আশায় থাকে দর্শক। ২০২২ সালের শেষের দিকেই তিনি ঘোষণা দিয়েছিলেন, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক বানাতে চলেছেন শিগগিরই। ছবিতে মৃণাল সেনের ভূমিকায় থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এবার তার ছবির নায়িকার নাম প্রকাশ্যে আনলেন।
পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রেও থাকছে বিরাট চমক। টলিউডের কোনো প্রথম সারির অভিনেত্রী নন, বরং মনামী ঘোষকে দেখা যাবে এই চরিত্রে। ইন্ডাস্ট্রির যথেষ্ট জনপ্রিয় মুখ হলেও বড়পর্দায় নিয়মিত দেখা যায় না তাকে। বরং নিজের নাচ এবং ছোটপর্দার অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। বড়পর্দায় মনামীকে কম দেখতে পাওয়া নিয়ে অভিযোগও ছিল তার অনুরাগীদের মধ্যে।
অভিনেত্রীর এই বড় সুযোগে স্বাভাবিকভাবেই খুশি তার ভক্তরাও। সামাজিক মাধ্যমে নিজেই এই সুখবরে শিলমোহর দিয়েছেন মনামী।
জানা গেছে, চেহারার দিক থেকে সাদৃশ্য থাকায় গীতা সেনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। খবরটা শেয়ার করে তিনি লিখেছেন, ‘আনন্দময় ২০২৩ শুরু হতে চলেছে।’
গীতা সেনের চরিত্রটিকে ভালোভাবে বুঝতে তার একটি ভিডিও ক্লিপ মনামীকে দিয়েছেন সৃজিত। পরিচালক-পত্নির পুরোনো সাক্ষাৎকারের ভিডিও দেখেই চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী।
এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মনামী বলেন, “পদাতিকে আমি মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে কাজ করছি। আমি আমার দিক থেকে ভীষণ একসাইটেড। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গেও। উনি (চঞ্চল) অসম্ভব ভালো একজন অভিনেতা। সৃজিতদাও দুর্দান্ত পরিচালক। আমি আশাবাদী, কাজটা খুব ভালো হবে। তারপর সেটা দর্শক বিচার করবে।”
