নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার চিন্তিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিদেশিরা কী ভাবছে এটা বিষয় না।
আজ সোমবার (০২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ড. মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, দুনিয়ার সব দেশে নির্বাচনের গল্প শুরু হয় দু’মাস আগে। আর বাংলাদেশে এক বছর আগেই হৈ চৈ শুরু করে দেয়। নির্বাচন নির্বাচনের নিয়মে, যথাসময়ে ও সুষ্ঠুভাবে হবে। এখানে সব দল অংশ নিলে ভালো হবে। কেউ না আসতে চাইলে না আসবে।
মোমেন বলেন, আমরা নির্বাচন নিয়ে অত উদ্বিগ্ন নই। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে।
তিনি বলেন, আপনারা জানেন, দেশে আগে ফ্রড ভোট হতো। একবার ১ কোটি ২৩ লাখ লোক ভুয়া ভোট দিয়েছে। এখন ওটা বন্ধ। ফ্রডগীরি করতে পারবেন না। দেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে এরা ভালোভাবে নির্বাচন করতে পারে। সুতরাং সেখানে সব দল আসলে ভালো। আর যারা আসবে না, আসবে না।
