বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিপুল হোসেন (২০) নামে আরও এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারী) বুড়িমারী স্থল বন্দর জিরো পয়েন্ট বাঁধেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে। এর আগে গত ২৯ ডিসেম্বর রাতে ওই জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে সাদিকুল ইসলাম সাদিক ও নাজির হোসেন নামে আরও দুই বাংলাদেশী নিহত হয়।

স্থানীয়রা জানান, রোববার ভোরে ওই সীমান্তের ৮৪২ নং পিলার দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন বিপুল হোসেনসহ ৮-১০ জনের একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিবিদ্ধতে বিপুল হোসেনসহ কয়েকজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেনের মৃত্যু হয়।

এবিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান শাহরিয়ার মাহমুদের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *