আ.লীগের মনোনয়ন পেলেন না নায়িকা মাহি

চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া মাহিয়া মাহি সংসদ সদস্য হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। চেয়েছিলেন চাপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে। সেজন্য ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানান দিয়ে সংগ্রহ করেছিলেন মনোনয়ন ফরম। গর্বের সাথে জানিয়েছিলেন, নৌকার টিকিট পেলে নূন্যতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবে তিনি।

কিন্তু তা আর হলো না। স্বপ্নভঙ্গ হলো মাহির। জনপ্রিয় নায়িকার সাইনবোর্ড সামনে থাকলেও তার ওপর ভরসা করেনি আ.লীগ। তার বদলে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলো না তাকে।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রসঙ্গত, বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সেসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি ওই ৬টি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *