চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই অভিনেত্রী।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি।
এর আগে গত ২৭ ডিসেম্বর মাহি মনোনয়ন ফরম কেনার ঘোষণা দিয়ে বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি আমি। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে পদার্পণ আমার, আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। মানুষের জন্য কাজ করে যেতে চাই আমি। নিজেকে নারী ও শিশুদের জন্য নিয়োজিত রাখতে চাই।
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
