বর্ষপঞ্জির হিসাবে আর দিন দুয়েক পরই নতুন বছর। নতুন বছর মানেই নতুন উদ্যম, নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়া। তারকারাও নতুন বছরের জন্য লক্ষ্য ঠিক করার পাশাপাশি একবার পেছন ফিরে তাকিয়ে দেখেন। ফেলে আসা বছরটি সফল নাকি ব্যর্থ হলো—সেই হিসাব কষেন।
বছরজুড়ে অভিনয়ে তুমুল ব্যস্ত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তার অভিনীত নাটকগুলো হয়েছে দর্শক নন্দিত। এবার নিজের সেরা কাজের তালিকা সামাজিক মাধ্যমে দিলেন এ তারকা।
২০২২ সালে মাহির সেরা দশের তালিকায় প্রথম স্থানে আছে ‘মনের সাথী’ নাটকটি। এটি দেখেছেন এক কোটি দশ লাখের বেশি দর্শক। এক কোটির অধিক দর্শক নিয়ে এর পরের অবস্থানে রয়েছে ‘গল্পটা প্রেমের’ ও ‘মন বলে তুমি ফিরবেই’ নামের নাটক দুটি।
নব্বই লক্ষাধিক দর্শক নিয়ে তালিকার পঞ্চম ও ষষ্ট স্থানে আছে ‘হাঙর’ ও ‘৫০ লাখ’ নাটক দুটি। মাহি অভিনীত ‘প্রয়োজন’ নাটক দেখা হয়েছে ৮৫ লক্ষাধিক বার। সাতমাস হলো মুক্তি পেয়েছে এ নাটক। মাহির সেরা দশ নাটকের তালিকায় সাত নাম্বারে আছে ‘হাইওয়ে’। ৭৮ লাখেরও বেশি দর্শক দেখেছেন এটি। ৫৭ লক্ষাধিক দর্শক নিয়ে পরের অবস্থানে আছে ‘হেট স্টোরি’।
মাহি অভিনীত নাটকগুলোর অন্যতম দশ নাটকের শেষ দুটি হচ্ছে ‘কানার হাট বাজার’ ও ‘ব্যাপার না’। ‘কানার হাট বাজার’ দেখা হয়েছে ৪৯ লাখেরও অধিকবার। অন্যদিকে ‘ব্যাপার না’ দেখেছেন ৪০ লক্ষাধিক দর্শক।
মাহির সেরা কাজগুলোর তালিকা পেয়ে মন্তব্যের ঘরে তার অনুরাগীরাও প্রকাশ করেছেন নিজেদের মতামত। নাটকগুলোর প্রতি নিজেদের ভালোলাগা ব্যক্ত করেছেন তারা। সেইসঙ্গে প্রিয় তারকার জন্য রেখে গেছেন শুভেচ্ছা।
