আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হবে দেশের প্রথম মেট্রোরেল। এ মেট্রোরেলের ভাড়া ঢাকায় চলাচল করা বাসের চেয়ে দ্বিগুণ বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মেট্রোরেল আইন ও বিধিমালা লঙ্ঘন করে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল ভাড়া ১০০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানানো হয়।
নজরুল ইসলাম বলেন, ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ঢাকার ভাড়া দুই থেকে পাঁচগুণ বেশি। ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের মেট্রোরেলের চেয়ে প্রায় দ্বিগুণ। কলকাতার চেয়ে তিনগুণ।
বিএনপির এই নেতা বলেন, জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার হলে এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারতো না। এজন্য গণবিরোধী এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং তথ্য ও গবেষণা সম্পাদক জেড খান রিয়াজুদ্দিন নসু প্রমুখ উপস্থিত ছিলেন।
