বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাক চাই না: পররাষ্ট্রমন্ত্রী

অভ্যন্তরীণ রাজনীতি, মানবাধিকার ও নির্বাচন নিয়ে পশ্চিমাদের পরামর্শে সরকার যেমন বিরক্ত, তেমনি বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার অনভিপ্রেত বিবৃতিতে বিব্রত।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সোমবার (২৬ ডিসেম্বর) তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিমত প্রকাশ করেন।

রাশিয়ার সাম্প্রতিক বক্তব্য-বিবৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই, প্রত্যেক দেশ যে নিয়ম আছে, জেনেভা কনভেনশন আছে, সে অনুযায়ী কাজ করবে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। আমরা পরিপক্ব, স্বাধীন, সার্বভৌম দেশ—এটা সবার মনে রাখা উচিত। আমার এ বক্তব্য রাশিয়া, আমেরিকার সবার জন্য প্রযোজ্য। রাশিয়া কেন বলছে এটি তাদের জিজ্ঞাসা করুন।’

আওয়ামী লীগ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসেনি বলে উল্লেখ করে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাবোধ সমুন্নত রেখেছে। এসব নিয়ে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমি নিশ্চিত আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *