আমার সবচেয়ে বেশি পছন্দ শিমুলকে: পারসা ইভানা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। যখন যে চরিত্র করেন সেটিই ফুটিয়ে তোলেন আপন অভিনয় দক্ষতায়। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র ইভা চরিত্রটিও দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।

সদ্যই সমাপ্ত হয়েছে নাটকটির চতুর্থ সিজনের প্রচার। শুধু দর্শক নয়, ধারাবাহিকটির শিল্পী-কুশলীরাও এই জার্নিকে ভালোবেসে ফেলেছেন। তাই সমাপ্তিতে মন খারাপি যেমন আছে, তেমনি আছে দর্শকের অসামান্য সাড়ায় তৃপ্তিও।

এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’র আরও তিনটি সিজন প্রচার হয়েছিল। তবে চতুর্থ সিজনেই যুক্ত হয়েছেন পারসা ইভানা। ১১৬ পর্বের এই জার্নির অভিজ্ঞতা ও অনুভূতির কথা সংবাদমাধ্যমকে শুনিয়েছেন তিনি।

তার ভাষ্য এমন, ‘‘আমি আসলে শুরু থেকেই একটা কথা বলে এসেছি যে ব্যাচেলর পয়েন্টে অভিনয় করতে পারবো, এটা কখনও চিন্তাও করিনি। কারণ, এর প্রত্যেকটা সিজন কম-বেশি আমার দেখা হয়েছে। আমার পরিবার, বন্ধু, সহকর্মী, আশপাশের সবাই ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখে। তখন মনে হতো, ইশ আমি যদি একটা ক্যারেক্টার করতে পারতাম। সেই ইচ্ছেটাই যেন পূরণ হয়ে গেলো। এ বছর হঠাৎ করেই আমার কাছে ‘ইভা’ চরিত্রে কাজের অফার আসে। তখন তো আমি একেবারে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম।’’

আপ্লুত পারসার মতে, ‘‘ইভা হচ্ছে এমন ক্যারেক্টার, যেটার স্বপ্ন দেখেছিলাম আমি। যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, চেয়েছি আমার কাজের মাধ্যমে মানুষ জানতে পারুক আমি নৃত্য করে এসেছি; আমি সেরা নাচিয়েতে (নৃত্য প্রতিযোগিতা) চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা অনেকেই জানেন না। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’র মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে আমি আসলে নৃত্যশিল্পী। এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া।’’

‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে কিছু সমালোচনা-বিতর্ক আছে। সে বিষয়ে পারসা ইভানা বলেন, ‘আমি আসলে কোনও মন্তব্য করতে চাই না। একেকজনের দৃষ্টিভঙ্গি থেকে একেক রকম মন্তব্য। আমার যেমন সব নাটক পছন্দ না, অন্যদের ক্ষেত্রেও এমনই। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কে কীভাবে দেখবে, কী বলবে, সেটা তো আমরা নির্ধারণ করে দিতে পারবো না। মানুষের পছন্দ-অপছন্দ থাকবেই। তবে আমার কাছে মনে হয় পছন্দের সংখ্যাটাই বেশি।’

নিন্দা-সমালোচনা পেরিয়েও ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয়তা আকাশচুম্বী। এর কাবিলা, শুভ, হাবু, শিমুল কিংবা পাশা চরিত্রগুলো দর্শকের মন থেকে মুখে ছড়িয়ে গেছে। এসব চরিত্রের মধ্যে পারসা ইভানার প্রিয় কে? অভিনেত্রীর উত্তর, ‘আমার পছন্দের অনেক চরিত্র আছে। কাবিলা তো আছেই। তবে আমার সবচেয়ে বেশি পছন্দ শিমুলকে। মানে ওর ক্যারেক্টারটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *