দেশের অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করবো: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিদেশি দূতাবাসের যারা কথা বলেন তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে জেনেভা কনভেনশনে যে নিয়ম রয়েছে তার বাইরে তাদের যাওয়া উচিত না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করবো।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি-সামর্থ্য আওয়ামী লীগের আছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বিরোধীদলের আন্দোলনের চ্যালেঞ্জের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং ভিশন ২০২১-এর লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আমাকে কঠিন দায়িত্ব দেয়া হয়েছে। আজকের (সোমবার) মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এমারটি-৬ মেট্রোরেলের কাজ আগামী বছর সমাপ্ত হবে। বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হচ্ছে। ছয়টি এমআরটি লাইন হবে। এরপর শুরু হবে এমআরটি ওয়ান। রাজধানীর কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার পাতাল সড়ক ও দশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে অচিরেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *