মেসিদের নিয়ে ঢাকায় আসতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান

আগামী বছরের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) ওনার কাছ থেকে আজ একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটা ভালো সংবাদ।

মোমেন বলেন, আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা দেবো। দেখা যাক আসে কি না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। অনেক পুরনো বন্ধুত্ব।

ফুটবল কূটনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান হয়েছে। এটা ভালো হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর এক টুইটের মাধ্যমে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো জানান, বাংলাদেশে আবারও দূতাবাস চালু করার কথা ভাবছে আর্জেন্টিনা।

কাতারের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির দলের প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশির সমর্থনের কারণেই দূতাবাস পুনরায় চালুর ব্যাপারটি উঠে এসেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, তারা বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক অন্বেষণ এবং বাণিজ্যে বৈচিত্র্য আনতে চায়।

এর আগে চলতি বছরের আগস্টে কাফিয়েরো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেন। বৈঠকে উভয় কূটনীতিক সম্মত হন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু ছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে তেমন ব্যবসা-বাণিজ্য না থাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ করে দেয় আর্জেন্টিনা।

এদিকে ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে।

আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন।

ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার কাছে হস্তান্তর করা হয়েছে।

যেখানে বলা হয়, ২০২৩ সালে ঢাকায় একটি আর্জেন্টিনা দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *